ঝিনাইদহে ৪ দফা দাবিতে পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
পল্লীবিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরইবির শোষণ-নিপীড়ন ও নিম্নমানের মালামালের ব্যবহার বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ প্রতিবেদন দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে। এর মধ্যে রয়েছে আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ, সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক, পৌষ্য বিলিং সহকারী) নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পুনরায় পদায়ন।
এ ছাড়া ১৭ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের কর্মস্থলে পদায়নের দাবি জানানো হয়। জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ ও পাঁচজন লাইন ক্রুকে পূর্বের কর্মস্থলে ফেরত দেওয়ারও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

No comments