কালীগঞ্জে শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
২০% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের আহ্বান
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে কাটফাটা রোদ গরম উপেক্ষা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় থেকে ঘন্টাব্যাপী উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী অংশ নেন। তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সরকারের প্রতি ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা বলেন, “দেশের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা মুখ্য ভূমিকা রাখছেন। অথচ বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি চাকরিজীবীদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছেন না। ফলে তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন।”
তারা আরও বলেন, “শিক্ষক সমাজ সমাজের বিবেক। অথচ তাদের ন্যায্য দাবিগুলো বছরের পর বছর উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা অবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানাচ্ছি।”
বক্তারা অভিযোগ করেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments