কচুরিপানার ফুল তুলতে গিয়ে কুমার নদে ডুবে ২ বছরের শিশুর করুণ মৃত্যু, শৈলকুপায় শোকের ছায়া
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে আজ এক হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা ঘটেছে। কুমার নদে ডুবে আবরাম (২) নামের এক নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশুটির এমন অকাল প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুটির নাম আবরাম মৃধা। সে ঝাউদিয়া গ্রামের বাসিন্দা আজাদ মৃধার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খেলার ছলে শিশু আবরাম বাড়ির পাশের কুমার নদের ধারে যায়। নদের জলে ভাসমান রঙিন কচুরিপানার ফুল তার নজর কাড়ে। সেই ফুলগুলো তুলতেই সে নদে নেমে যায়।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, অসাবধানতাবশত শিশুটি নদের গভীর পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের আগেই সব শেষ হয়ে যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঝাউদিয়া গ্রামে শোকের মাতম শুরু হয়। শিশুটির বাবা-মায়ের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। মাত্র দুই বছরের ফুটফুটে আবরামের এমন করুণ পরিণতিতে স্থানীয়দের চোখেও জল।
এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে নদীর পাড়ে শিশুদের জন্য নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

No comments