ভারী যানবাহনের দাপটে বিপর্যস্ত কালীগঞ্জ-খাজুরা অভ্যন্তরীণ সড়ক
সিফাত বিন সিদ্দিক স্টাফ রিপোর্টার :
যশোর-ঝিনাইদহ মহাসড়কের বেহাল দশার সুযোগ নিয়ে বিকল্প হিসেবে কালীগঞ্জ-খাজুরা অভ্যন্তরীণ সড়কটি ব্যবহার করছে ভারী যানবাহন। নিয়মিত বড় বড় ট্রাক ও লরি চলাচলের ফলে স্থানীয়দের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন ধ্বংসের মুখে যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ এই সড়কটি ভারী লোড বহনের উপযোগী নয়। অথচ দিনের বেলা ও বিশেষ করে রাতের আঁধারে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলায় রাস্তার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং অনেক জায়গায় রাস্তা দেবে গিয়ে মারাত্মক কাঠামোগত ক্ষতি হয়েছে। এটি সড়ক পরিবহন আইন-২০১৮ ও দণ্ডবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
স্থানীয়রা কালীগঞ্জ-খাজুরা অভ্যন্তরীণ সড়কটি রক্ষায় দাবি জানাচ্ছে। তাদের দাবি—অবিলম্বে ভারী যান চলাচল নিষিদ্ধ করে স্থায়ী ব্যারিকেড ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করতে হবে। সেই সঙ্গে রাতে পুলিশি নজরদারি বাড়ানো এবং দ্রুত সংস্কার কাজ শুরু করা জরুরি।
এলাকাবাসীর হুঁশিয়ারি, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রাস্তাটি অচিরেই সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়বে। আর এর ফলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার সৃষ্টি হলে তার পুরো দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা হিসেবেই গণ্য হবে।

No comments