কালিগঞ্জে দিনে দুপুরে মসজিদে চুরি।
সিফাত বিন সিদ্দিক স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জের রাড়িপাড়া গ্রামে রাড়িপাড়া(বাশোঁপাড়া) জামে মসজিদে দিনের বেলা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টা নাগাদ এই চুরির ঘটনা ঘটে।
মসজিদ থেকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এর মধ্যে রয়েছে: মাইকের নতুন ২টি সেট ও আইপিএস ১ টি সেট।যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এ বিষয়ে মসজিদের সভাপতি নাসিরউদ্দিন গাজী জানান, সকাল ১১টা নাগাদ তিনি মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদের গেট খোলা দেখে মসজিদে ভিতরে প্রবেশ করেন।ভিতরে গিয়ে তিনি দেখেন মসজিদের মাইকের ও আইপিএস সেট চুরি হয়ে গেছে। পরবর্তীতে তিনি সকলকে এই বিষয়ে জানান। তবে কে বা কারা এই চুরির সাথে জড়িত তা এখনো জানা যায়নি।
মসজিদের মুয়াজ্জিন মোস্তফা বিশ্বাস বলেন,"প্রতিদিনের মতো ফজর নামাজের পর তিনি মসজিদ বন্ধ করে বাড়ি যায়।পরবর্তীতে আমি চুরির খবর জানতে পারি।"
তবে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, "আমরা ১০ টার দিকে একটি মোটরসাইকেল সহ দুইজন অপরিচিত লোককে মসজিদের সামনে অনেকক্ষণ দাড়িয়ে থাকতে দেখি কিন্তু আমরা মাঠে কাজ করায় তাদের পরিচয় জানতে পারি নি।"
বারবার চুরির ঘটনায় মসজিদের মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে জানান, এই মসজিদে চুরির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় মুসল্লিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে সভাপতি নাসিরউদ্দিন গাজী বলেন, " আমরা জিডি করতে পারি চোর ধরার জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
দিনের দুপুরে এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

No comments