রবিউল ইসলাম ,স্টাফ রিপোর্টার :ঝিনাইদহের কালীগঞ্জে ‘তারুণ্যের ভাবনায়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রæয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশে এ সেমিনারটি আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনায়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার্থী প্রতিনিধি কমিটির একজন সদস্য। সঞ্চালনা করেন স্থানীয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তারুণ্যই জাতির সবচেয়ে বড় শক্তি ও ভবিষ্যৎ নেতৃত্বের মূল ভিত্তি। একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে তরুণদের ভূমিকা অপরিসীম। আমি নির্বাচিত হলে তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে ঝিনাইদহ-৪ আসনকে একটি আদর্শ ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করব।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার অগ্রাধিকার। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ করা হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের স্বপ্ন ও চিন্তাভাবনাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। রাজনীতি ও সমাজ উন্নয়নে তোমাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে আমি সব ধরনের সহায়তা প্রদান করব।
সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকার চলমান সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রার্থী নির্বাচিত হলে সেগুলোর সমাধান কীভাবে করা হবে সে বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীদের প্রশ্নের মধ্যে ছিল এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি, নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া সহজীকরণ এবং বেকারত্ব দূরীকরণ।
প্রশ্নোত্তর পর্বে সাইফুল ইসলাম ফিরোজ এসব বিষয়ে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী পরিকল্পনার কথা তুলে ধরেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকারভিত্তিতে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দৃঢ় আশ্বাস দেন। তিনি বলেন, আমি শুধু প্রতিশ্রæতি নয়, দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে চাই। জনগণের সঙ্গে নিয়ে, তরুণ সমাজের শক্তিকে কাজে লাগিয়ে কালীগঞ্জসহ পুরো ঝিনাইদহ-৪ আসনের উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
অনুষ্ঠানটির আয়োজন করেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।
No comments