বুকের রক্ত দিয়ে হলেও ভোটের বাক্স রক্ষা করা হবে—ঝিনাইদহ-৩ আসনে জামায়াত প্রার্থী মতিয়ার রহমান



মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :

ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “ড. মুহাম্মদ ইউনুস একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন—এটাই আমাদের প্রত্যাশা। তবে যারা ওৎ পেতে বসে আছে, যারা মা-বোনদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই—প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও আগামী ১২ তারিখ কাউকে ভোটের বাক্সে হাত দিতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা করা ঈমানি দায়িত্ব এবং এ দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, সাবেক জেলা আমীর ড. মুজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাস্টার মশিউর রহমান, মাস্টার রেজাউল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, শাহ আলম, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম।

No comments

Powered by Blogger.