কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিশুর প্রান গেল
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় মরিয়ম নামের ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের এক মাত্র মেয়ে।
পুলিশ ও শিশুর পরিবারের সদস্যরা জানান, দুপুরের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ি এসে শিশুটির শরীরের উপর চাপা দিয়ে চলে যায়। ঘটনার পর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় এক মাত্র সন্তানের মৃত্যুতে মায়ের কান্নায় হাসপাতাল প্রাঙ্গন ভারি হয়ে উঠে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন বলেন, রোববার দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুত গামি একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় শিশুটি পিষ্ট হয়। তবে স্যালো ইঞ্জিন চালিত গাড়িটি আটকের অভিযান অব্যাহত আছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments