কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত

 

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্তিপুর গ্রামে জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ওপর হামলা ও এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ভুক্তভোগী বিনোদ কুমার খাঁ (৫৫) অভিযোগ করে বলেন, তাঁর ভাই জিতেন কুমার খাঁ ও ভাতিজা মিল্টন কুমার খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ২৪ এপ্রিল সকাল ৭টার দিকে বিবাদীদের বাড়ির সামনে দেখা হলে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে অভিযুক্তরা লোহার সরঞ্জাম ও কোদাল নিয়ে মারধরের চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পরদিন ২৫ এপ্রিল সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে অভিযুক্তরা বিনোদের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। এ সময় বিনোদের স্ত্রী সুধা রানী (৪৫) তাদের বাঁধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জিতেন কুমার খাঁ লোহার শাবল দিয়ে সুধা রানীর পায়ে আঘাত করেন। পরে মিল্টন কুমার খাঁ ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাম পায়ের গোড়ালির নিচে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা ভবিষ্যতে আরও ক্ষতি করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।আহত সুধা রানীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, মারামারির বিষয়ে কালীগঞ্জ থানাতে একটা অভিযোগ দিয়েছে আমি বিষয়টি তদন্তের জন্য তত্বিপুর পুলিশ ক্যাম্পে পাটিয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.