কোটচাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক শিক্ষক আব্দুল মজিদ খানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ

ঝিনাদইদহ জেলা কার্যালয়ে আওতায় কোটচাঁদপুর উপজেলা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম পর্যায় শীর্ষক প্রকল্পে প্রাক-প্রাথমিক শিক্ষক আব্দুল মজিদ খানের মৃত্যুতে এক দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। 

বোরবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ ও কর্মচারীদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তন কক্ষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুম আব্দুল মজিদ খান ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের ৮ম পর্যায়ের একজন প্রাক-প্রাথমিক শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁকে একজন বিনয়ী, আদর্শবান ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে স্মরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের কোটচাঁদপুর ফিল্ড সুপারভাইজার আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল মান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মেজাম্মেল হক।

আলোচনায় বক্তারা বলেন, মরহুম আব্দুল মজিদ খান ছিলেন ধর্মীয় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ গঠনে একজন নিবেদিতপ্রাণ মানুষ। তিনি শিশুদের কোরআন শিক্ষা, নৈতিকতা ও ইসলামের মৌলিক আদর্শ শেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, সমাজে সৎ, আদর্শবান ও ধর্মপ্রাণ মানুষ তৈরিতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় “মউশিক কল্যাণ পরিষদ” কোটচাঁদপুর উপজেলা শাখার পক্ষ থেকে মরহুমের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরিবারের সদস্যরা এ সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপস্থিত সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারী, স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে মরহুম আব্দুল মজিদ খাঁনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।



No comments

Powered by Blogger.