ঝিনাইদহে প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

 

ঝিনাইদহ প্রতিনিধি-
“সচেতনতায় সুস্থতা, যতেœ নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নে প্রান্তিক নারী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ১নং ওয়ার্ডের সদস্য মোঃ জমির আলী, ইউনিয়ন মনিটরিং টিমের সদস্য নীলকান্ত বিশ্বাস, ১নং নারী জলবায়ু ক্লাবের সভাপতি আশা লতা রানী, সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের প্রজনন ও সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী জলবায়ু ক্লাবের সদস্য মিনতি দাস বলেন, স্বাস্থ্য কিটে প্রয়োজনীয় থার্মোমিটার, স্যানিটারি ন্যাপকিন, স্যাভলন, চুলকানি উপশমের ক্রিম ও আগুনে পোড়া স্থানে ব্যবহারের ক্রিমসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। তিনি বলেন, “গৃহস্থালির কাজ ও রান্নার সময় নারীরা প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন। এ ধরনের স্বাস্থ্য কিট আমাদের জন্য খুবই উপকারী।”

বক্তারা জানান, ভবিষ্যতেও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.