কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা
রোকনুজ্জামান, কোটচাঁদপুর:
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার নারানপুর, বলরামনগর ও জয়দিয়া (এনবিজে) মাধ্যমিক বিদ্যালয়ে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিশ্ব ব্যাংক ও পিকেএসএফের আর্থিক সহায়তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। শিশুনিলয় ফাউন্ডেশনের কৃষিবিদ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনিছুজ্জামান এবং ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক কর্মকর্তা কল্লোল বি. দাস, ব্রাঞ্চ ম্যানেজার
শাহাবুদ্দিন বিশ্বাস।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ফলজগাছ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments