কোটচাঁদপুরে দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ



ঝিনাইদহের কোটচাঁদপুরে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিশ্চিত করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ দীপা রানী সরকার। তিনি দুর্যোগকালীন সময়ে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং কোটচাঁদপুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রসমূহের প্রস্তুত অবস্থা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কখনো পূর্বঘোষণা দিয়ে আসে না। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং সময়োপযোগী প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল কোটচাঁদপুর গড়ে তোলা সম্ভব।

সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

No comments

Powered by Blogger.