ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত, এমদাদুল হককে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। তুষার ইলেকট্রিকের স্বত্বাধিকারী এমদাদুল হককে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাত ৯টায় কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠন ও সাধারণ ব্যবসায়ী অধিকার সংরক্ষণ আন্দোলন পরিষদের উদ্যোগে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও সংগঠনের উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন ট্রেডের সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী সভায় অংশ নেয়।
এমদাদুল হকের সভাপতিত্বে এবং এ.এইচ.এম. আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে বিভিন্ন বক্তা মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত সদস্যদের জোরালো দাবির প্রেক্ষিতে এবং উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে প্রধান অতিথি মাওলানা মোঃ আবু তালিব পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে বাজারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে তুষার ইলেকট্রিকের স্বত্বাধিকারী এমদাদুল হককে আহ্বায়ক ঘোষণা করা হয়। সংগঠনের অন্যতম নেতা শফিকুল ইসলাম নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে সভায় জানানো হয়। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ব্যবসায়ী সমাজে নতুন উদ্দীপনা ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হবে বলে উপস্থিত ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন।

No comments