ঝিনাইদহে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানিকে গণপিটুনি, আটক করল পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন বিশ্বাস (৫৫) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ পৌর শহরের ভুটিয়ারগাতি গ্রামে শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে ওই মুদি দোকানিকে আটক করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে মুদি দোকানি লিটন বিশ্বাস ৮ বছর বয়সী এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি কৌশলে মুদি দোকানির কাছ থেকে পালিয়ে বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানিয়ে দেয়। পরে শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয় গ্রামবাসী মুদি দোকানে এসে অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, মুদি দোকানি লিটন বিশ্বাসকে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মারধরের পরে ওই এলাকার মানুষ তাকে আটকে রাখে। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে আটক ব্যক্তিকে সদর থানা হাজতে আটক রাখা হয়েছে। এ ঘটনায় আমরা ভিকটিম শিশুর পরিবারকে থানায় ডেকেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments