কালীগঞ্জে ছাগল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, চোরাই খাসি উদ্ধার


রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে চোরাই একটি খাসি ছাগল উদ্ধার এবং পেশাদার ছাগল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪৫) তার প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের খাসি ছাগল বাড়ির সামনে পাকা রাস্তার পাশে বেঁধে রাখেন। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে একটি পুরোনো ভ্যানগাড়িতে এসে দুর্বৃত্তরা ছাগলটি চুরি করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের সামনে ছাগলসহ সন্দেহভাজনদের দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন এবং চোরাইকৃত খাসি ছাগলটি উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আজিজুল ইসলাম (২৬), রাজিব হোসেন (২৩) ও নাহিদ ইসলাম (১৯)। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কালীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গরু ও ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গবাদিপশু চুরি রোধে কালীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং চোরাই ছাগল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

No comments

Powered by Blogger.