শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে পাউবোর ১৩ কিলোমিটার খাল পরিস্কার

 

ঝিনাইদহ প্রতিনিধি-
আমন মৌসুমে চাষাবাদের জন্য সেচের পানি সরবরাহ নিশ্চিত করতে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা ব্রহ্মপুর গ্রাম থেকে দামুকদিয়া গ্রাম পর্যন্ত এ এ অভিযান চালায় স্থানীয় কৃষক।
তারা জানায়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এস-৯ খালটি সংস্কার ও পরিষ্কার না করায় প্রায় ১৩ কিলোমিটার আগাছা ও আবর্জনায় ভরে যায়। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সেচব্যবস্থা প্রায় অচল হওয়ার উপক্রম হয়েছে। তাই উপজেলার মনোহরপুর গ্রামে দেড় শতাধিক কৃষক কয়েকটি দলে বিভক্ত হয়ে খাল পরিস্কার অভিযান শুরু করে। দিনব্যাপী প্রায় ১৩ কিলোমিটার খালের কচুরিপানা ও আগাছা অপসারণ করা হয়। এতে ওই এলাকার হাজারো কৃষক উপকৃত হবে বলে আশা তাদের।
স্থানীয় কৃষক ও ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, খালের দুরবস্থার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত কৃষকদের নিজেদের উদ্যোগেই খাল পরিষ্কারের কাজ শুরু করতে হয়েছে।
কৃষক মোস্তাফা মিয়া বলেন,  শুধু স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ, সংস্কার ও পানি প্রবাহ সচল রাখতে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

No comments

Powered by Blogger.