ঝিনাইদহে বাস চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ সেনা সদস্য স্বামী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তার স্বামী সেনা সদস্য সোহেল কাজী নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বি এম এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি কে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শশুর বাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পার্শ রাস্তা থেকে আসা একটি রিক্সার সাথে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। সেসময় ছুটে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তুলি খাতুন। আহত হয় স্বামী সেনাসদস্য সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ-এ নিয়ে গেলে সেখানে মারা যায় সোহেল।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
.jpg)
No comments