মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে জুতার মালা পরিয়ে গণশাস্তি

 

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি ও খারাপ  আচরণের অভিযোগে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুমন হোসেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়দের অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ করে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি ও আচরণ করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সোমবার তাকে মাদ্রাসা এলাকার কাছ থেকে আটক করা হয়।
পরে স্থানীয়দের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় বলে এক ভিডিওর মাধ্যমে জানা গেছে।
কুমারহাটি গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক মশিয়ার রহমান বলেন, আমাদের সন্তানরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করুক, এটাই আমরা চাই। এ ধরনের আচরণের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল।
তবে অভিযুক্ত সুমন হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

No comments

Powered by Blogger.