কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ)থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার একটি এলাকায় এ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন-এর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মিছিলটি বের করেন। তাদের হাতে ব্যানার ও ফেস্টুন দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভোরে হঠাৎ করে মিছিলটি বের করা হয়। মিছিলটি কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রধান সড়কের দিকে অল্প দূরত্ব প্রদক্ষিণ করে দ্রুত শেষ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি ছিল স্বল্প সময়ের।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মোঃ জাহাঙ্গীর আলম

No comments