শহীদ নুর আলী কলেজের শিক্ষক অশোক কুমারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

​ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী ডিগ্রি কলেজে বিদায়ী জ্যেষ্ঠ শিক্ষক অশোক কুমারকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। কালীগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ নূর আলী ডিগ্রি কলেজে জ্যেষ্ঠ শিক্ষক অশোক কুমারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষাজীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই গুণী শিক্ষককে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। ​কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও উক্ত কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হামিদুল ইসলাম হামিদ , সিনিয়র সহকর্মী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক অশোক কুমারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান, আদর্শ এবং শিক্ষাঙ্গনে তাঁর নিষ্ঠার কথা স্মরণ করে বক্তারা আবেগঘন বক্তব্য প্রদান করেন। ​আলোচনা সভায় বক্তারা বলেন, "অশোক কুমার স্যার কেবল একজন সফল শিক্ষক ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও আদর্শ দিক নির্দেশক। তাঁর পাঠদান পদ্ধতি ও স্নেহতল ছায়ায় হাজারো শিক্ষার্থী গড়ে উঠে আজ সমাজ ও রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত।" বক্তারা তাঁর সুস্থতা ও দীর্ঘ অবসর জীবনের শুভকামনা জানান। ​বিদায়ী বক্তব্যে অশ্রুসজল চোখে শিক্ষক অশোক কুমার বলেন, "শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান ব্রত। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। শহীদ নূর আলী কলেজের প্রতিটি স্মৃতি আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।" ​অনুষ্ঠানের সমাপনী পর্বে কলেজ প্রশাসন, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), উপহার সামগ্রী এবং স্মারকপত্র প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বিদায়ী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

No comments

Powered by Blogger.