গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গান্না বাজারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
রোকনুজ্জামান ঝিনাইদহঃ
‘গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ সংঘের উদ্যোগে গান্না বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাজার ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। এ সময় আদর্শ সংঘের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য শাহাজান কবিরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, আদর্শ সংঘের মোট ৭২ জন সদস্য রয়েছেন। সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে—আত্মহত্যা প্রতিরোধে উঠান বৈঠক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, মৎস্যচাষে উৎসাহ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি।
আদর্শ সংঘের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “সমাজের মানুষের কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সদস্যদের সহযোগিতায় আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি। স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”
এদিকে, বিনামূল্যে গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি এমন সামাজিক উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখায় তারা আদর্শ সংঘের প্রশংসা করেন।

No comments