পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে বেরিয়ে পড়ল আসল পরিচয়, কোটচাঁদপুরে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক

 

রোকনুজ্জামান কোটচাঁদপুরঃ


জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাবিবুল হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করতে গেলে তার পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে তদন্তে ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে কোটচাঁদপুরের তালসার বাজার ও আশপাশের গ্রামের বিভিন্ন মানুষের কাছে রাবিবুল নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাতেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

এরই ধারাবাহিকতায় গত রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তিনি কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে রাবিবুল হাসান তালসার বাজারে গেলে স্থানীয়দের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি তালসার পুলিশ ফাঁড়িতে গিয়ে উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমানের কাছে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এসআই তবিবুর রহমান তদন্ত শুরু করলে তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয় এবং একপর্যায়ে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

স্থানীয়দের দাবি, রাবিবুল নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং তার বাবা পুলিশের এসপি হিসেবে পরিচয় দিতেন। তবে পুলিশি যাচাইয়ে তার বাবা পুলিশের কর্মকর্তা নন বলে জানা গেছে। রাবিবুল কোটচাঁদপুরের শালকোপা গ্রামের মহাসিন আলীর ছেলে। এ সময় পুলিশ তার ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করে।

কোটচাঁদপুরের ঘাঘা গ্রামের আতিয়ার রহমান বলেন, “ওই ছেলেকে গত তিন মাস ধরে তালসার এলাকায় ঘুরতে দেখেছি। সে অনেক মানুষকে ভয়ভীতি দেখিয়েছে এবং নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দিয়েছে। মঙ্গলবার সকালে তালসার বাজারে এলে স্থানীয়দের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”

তালসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন খান বলেন, “গত রোববার ওই যুবক বিদ্যালয়ে এসেছিলেন বলে শুনেছি। তিনি মাদকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং একপর্যায়ে তাদের ভয়ভীতি দেখান বলে জানতে পেরেছি। মঙ্গলবার সকালে জানতে পারি, তালসার বাজারে প্রতারণার চেষ্টা করলে স্থানীয়রা তাকে পুলিশে দিয়েছেন।”

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “রাবিবুল হাসান নামের ওই যুবক তালসার এলাকার মানুষের কাছে নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

No comments

Powered by Blogger.