স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তাবিত নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষ যাতে সহজে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসাসুবিধা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনসাধারনের প্রত্যাশা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৫১ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি রোগীদের শয্যাসংকট নিরসন এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু কালীগঞ্জ উপজেলা নয়, আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।একইসাথে প্রস্তাবিত ভবন নির্মাণসহ স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নত চিকিৎসাসেবার চাহিদা পূরণ হবে।
No comments