কালীগঞ্জে ৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ

 


রবিউল ইসলাম,  স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা ও আনন্দবাগ গ্রামের মধ্যবর্তী মাঠের বুক চিরে চলে গেছে একটি পিচঢালা সড়ক। সড়কের দুই পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা শতাধিক খেজুরগাছ সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সবুজ ফসলের মাঠের মাঝখানে এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা।

জানা যায়, ১৯৮৬ সালে খয়েরতলা গ্রামের কৃষক হারুন অর রশিদ শখ করে সড়কের দুই পাশে এসব খেজুরগাছ রোপণ করেন। সময়ের ব্যবধানে ছোট ছোট সেই চারাগাছ আজ বিশাল আকার ধারণ করেছে। প্রায় চার দশক পর গাছগুলো এখন এলাকার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

গত ৯ নভেম্বর সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলে করে বিভিন্ন বয়সী দর্শনার্থীরা আসছেন। কেউ রাস্তার দুই পাশের সারি সারি খেজুরগাছের সৌন্দর্য উপভোগ করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্প—আড্ডায় মেতে উঠছেন। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে আঁকাবাঁকা পিচঢালা সড়ক এবং দুই পাশের সারি সারি খেজুরগাছ মিলে তৈরি করেছে এক অপরূপ দৃশ্য।

ঝিনাইদহ শহর থেকে আসা দর্শনার্থী মুকুল হোসেন বলেন, এর আগে তেঁতুলতলার পাশে সারি সারি নারকেলগাছ লাগানো প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করেছি। কিন্তু খয়েরতলায় রাস্তার দুই পাশে এত সুন্দর সারি সারি খেজুরগাছ আগে দেখিনি। লোকমুখে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছি। দেখে খুব ভালো লাগছে। কালীগঞ্জ শহরের পাশে এত সুন্দর একটি জায়গা আছে, তা আগে জানতাম না। অবসর পেলেই আবার এখানে আসব।

নলডাঙ্গা থেকে তিন বন্ধুকে নিয়ে এসেছেন শাওন। তিনি বলেন, আমাদের বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা রয়েছে, আগে জানতাম না। এক বন্ধুর কাছে শুনে দেখতে এসেছি। বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে এক ফালি রাস্তা, দুই পাশে সারি সারি খেজুরগাছ ও অন্যান্য গাছ। মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। এর মধ্যে বয়ে যাওয়া মৃদু বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এক কথায়, সময় কাটানোর মতো অসাধারণ একটি জায়গা।

সড়কের দুই পাশের খেজুরগাছগুলোর মালিক হারুন অর রশিদ বলেন, ১৯৮৬ সালে আমি গাছগুলো রোপণ করেছিলাম। মূলত খেজুরের রস সংগ্রহ করাই ছিল উদ্দেশ্য। পাশাপাশি মাঠে কাজ করতে করতে রোদে ক্লান্ত কৃষকেরা যেন গাছের ছায়ায় এসে একটু বিশ্রাম নিতে পারেন, সেই চিন্তাও ছিল। এখন দেখছি, বিভিন্ন এলাকা থেকে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসে, সময় কাটায়। গাছগুলো অনেক বড় হয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগে।

তিনি আরও বলেন, প্রতি বছর এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ হয় এবং তা দিয়ে গুড় তৈরি করা হয়। নিজের জন্য যতটুকু রস ও গুড় রাখি, তার চেয়ে বেশি মানুষকে দিই। এতে আমি আনন্দ পাই। বর্তমানে গাছগুলোতে হাঁড়ি বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিন পর রস সংগ্রহ শুরু হবে। সন্ধ্যার দিকে শহরসহ আশপাশের এলাকার ছেলেরা রস খেতে আসে। আমি নিজের হাতে গাছ কেটে রস সংগ্রহ করি এবং নির্ভেজাল গুড় তৈরি করি। অনেকেই আমার কাছ থেকে গুড় কিনতে আসেন।

একজন কৃষকের প্রায় চার দশক আগের ছোট্ট উদ্যোগ আজ শুধু খেজুরের রস ও গুড়ের উৎস নয়, হয়ে উঠেছে এলাকার মানুষের বিনোদন ও প্রকৃতি প্রেমীদের আকর্ষণের কেন্দ্র। হারুন অর রশিদের লাগানো সেই খেজুরগাছগুলো এখন যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খয়েরতলা ও আনন্দবাগের মাঠের বুকে।

No comments

Powered by Blogger.