বিতর্কিত ইউএনও হরিণাকুন্ডু বদলিতে বিক্ষোভ মানববন্ধন




রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
দুর্নীতি, চাঁদাবাজি এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান ও আবু হুরায়রা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে। এই বদলি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।

জুলাইযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দুর্নীতিতে জড়িত, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত এই কর্মকর্তাকে হরিণাকুন্ডুতে যোগদান করতে দেওয়া হবে না। তার বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি, ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ইউএনও সুদীপ্ত কুমার সিংহ আওয়ামী লীগপন্থী এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অফিসে শেখ হাসিনার লেখা বই সংরক্ষণসহ রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে শরণখোলা উপজেলায় যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবিতে ওই সময়ও একাধিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বরিশালের হিজলা উপজেলায়ও একই ধরনের অভিযোগের কারণে তিনি শাস্তিমূলক বদলির মুখোমুখি হয়েছিলেন।

চলতি বদলির ঘটনায় হরিণাকুন্ডুতে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.