কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ
বাবুল আক্তার,স্টাফ রিপোর্টার :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহের কালীগঞ্জে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে একে একে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সবার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। এসময় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করা হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষা আজ বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাদের এই আত্নদান আমাদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে প্রেরণা জোগায়। ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার লড়াই। শহীদদের ত্যাগ আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছে। আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলনই ছিল মুক্তিযুদ্ধের বীজ। ১৯৫২-এর চেতনা থেকেই ৭১-এর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জন্ম নিয়েছিল। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
.jpg)
No comments