কালীগঞ্জে সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ করলেন এম পি আবু তালিব

 

স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কালীগঞ্জে শ্রমজীবী মানুষের ওপর চলা দীর্ঘদিনের জুলুম ও অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন ঝিনাইদহ -৪ আসনের নবাগত এম পি মাওলানা আবু তালিব। শনিবার সকালে উপজেলার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন  কোটচাঁদপুর সড়কে ভ্যান ও রিকশা স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হন। এসময় তিনি বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, শহরের বিভিন্ন জায়গায় ভ্যান, রিকশা ও ইজবাইক, আলমসাধু,নছিমন থেকে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করে আসছিল। শনিবার সকালে মাওলানা আবু তালিব ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান। আদায়কারীরা কোনো সন্তোষজনক নথি বা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হলে তিনি তাৎক্ষণিকভাবে এই প্রক্রিয়া বন্ধের ঘোষণা দেন। উপস্থিত জনগণের উদ্দেশ্যে মাওলানা আবু তালিব বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। সাধারণ ভ্যান-রিকশাচালকরা সারাদিন হাড়ভাঙা খাটুনি দিয়ে যা আয় করে আর তার একটা অংশ অবৈধভাবে কেড়ে নেওয়া কোনোভাবেই সহ্য করা হবে না। এখন থেকে কোনো চাঁদাবাজ এই স্ট্যান্ডে আসবে না। যদি কেউ জোর করে টাকা আদায় করতে চায়, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দিবেন। এমপির এই পদক্ষেপ স্থানীয় ভ্যান, রিকশাসহ চালকদের মধ্যে আনন্দ বয়ে আনে। তারা জানান, আগে প্রতিদিন বাধ্যতামূলকভাবে টাকা দিতে হতো,না দিলে হয়রানি ও মারধরের শিকার হতে হতো। স্থানীয় সচেতন মহল এমপি সাহেবের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


No comments

Powered by Blogger.