কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

 

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদাহ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত হাওয়ায় একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়ছে পরিবার টি।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে পরিকল্পিতভাবে কাপড় ও কেরোসিন তেল দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক মোঃ এহিয়া বিশ্বাস। তিনি বলেন আনুমানিক রাত ৩ টার দিকে আমার ছেলে প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে টেলিভিশনসহ দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কারও সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন "আমার দোকানে স্থানীয় জামায়াত সমর্থকরা নিয়মিত চা খান ও আড্ডা দেন। ধারণা করছি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষ গোষ্ঠী এই নৃশংস নাশকতা ঘটিয়েছে।
দোকানটি ছিল ছয় সদস্যে পরিবারের একমাত্র উপার্জনের পথ। সব হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.