Home
/
টপ নিউজ
/
কোটচাঁদপুরে স্ত্রী-সন্তানসহ স্বজনদের বিরুদ্ধে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে শয্যাশায়ী ভুক্তভোগী
কোটচাঁদপুরে স্ত্রী-সন্তানসহ স্বজনদের বিরুদ্ধে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে শয্যাশায়ী ভুক্তভোগী
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় স্ত্রী, ছেলে ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক ব্যক্তির। আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বলুহর এলাকার বাসিন্দা কামরুল জামান অভিযোগ করেন, তার স্ত্রী শাহানারা বেগম, ছেলে রিয়ন হোসেন এবং শ্বশুর আকছার বিশ্বাসসহ কয়েকজন স্বজন দীর্ঘদিন ধরে তার কাছে টাকা দাবি করে আসছিলেন। গরু বিক্রির ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে তার বসতঘরে ঢুকে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করলে হামলাকারীরা ঘরের ড্রয়ারে রাখা নগদ ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় একাধিক ধারায় মামলা করার আবেদন জানিয়ে এজাহার দাখিল করা হয়েছে কোটচাঁদপুর মডেল থানা-এ। পুলিশের এসআই মনির হোসেন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ইতোমধ্যে তিনজনাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোটচাঁদপুর জুড়ে ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments