ঝিনাইদহে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৭



ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নের বারুইহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দিপু সমর্থিত ইউপি সদস্য দাউদ হোসেন গ্রুপ এবং বগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম সমর্থিত ইউপি সদস্য নাসির উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের কনস্টেবল সোহেল রানা,বারুইহুদা গ্রামের আবুল কালাম (৬০), সালামত শেখ (৫২) এবং দাউদ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন (৪৫) রয়েছেন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,সংসদ নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনার জন্য ভ্যান ভাড়া করা হয়। সেই ভাড়ার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) শাকিল আহমেদ বলেন,‘কয়েকদিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যায়। এ সময় সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে কনস্টেবল সোহেল রানা আহত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ বলেন,‘এটি মূলত সামাজিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে,যদিও উভয় গ্রুপের নেতৃত্বে বিএনপি নেতারা রয়েছেন।’
ঝিনাইদহ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়ী হন।

No comments

Powered by Blogger.