ঝিনাইদহে কৃষকদল নেতার মৃত্যুর হয়েছে পারিবারিক বিরোধে; সংবাদ সম্মেলনে জামায়াতের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুরিয়া গ্রামে সংঘর্ষের সময় নিহত কৃষকদল নেতার মৃত্যু হয়েছে পারিবারিক বিরোধে। এই ঘটনার সাথে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই। বৃহস্পতিবার বিকালে হরিনাকুন্ডু উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আমির বাবুল হোসাইন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি আব্দুল আউয়াল,সহ সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, জামাত নেতা ছগির আহমেদ, ইদ্রিস আলী, শফিউদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি কামরুল হাসান ও শামীম মিয়া।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া কে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে কৃষক দল নেতা আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এ ঘটনার সঙ্গে জামাতের কোন সংশ্লিষ্টতা নেই। কিন্তু বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজনৈতিক রং মাখিয়ে কিছু নিরীহ মানুষের বাড়ি ঘর ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয় এই ঘটনাটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের ফল। এটি কোনভাবেই রাজনৈতিক ঘটনা নয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে এ ঘটনার কোন সাংগঠনিক নীতিগত বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
বিএনপি এই ঘটনার রাজনৈতিক রং মাখিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। যদি রাজনৈতিকভাবে কোন নিরীহ ব্যক্তির বাড়ি ঘরে আগুন হামলা বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় তবে দল হিসেবে জামায়াত রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা আমির বাবুল হোসাইন বলেন, যেহেতু এটা সামাজিক এবং পারিবারিক বিরোধ সেহেতু সামাজিক দলের সঙ্গে বসে এটা নিষ্পত্তি করা প্রয়োজন। শেষে নিহত কৃষকদল নেতার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের শহীদ সদর উদ্দিন প্রাইমারি স্কুল মাঠে নামাজের জানাজার শেষে নিহত কৃষক দল নেতা আবুল কাশেমকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএমজিদ, কাপাশহাটিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি চান মিয়া, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments