ঝিনাইদহে কভার ভ্যানচালকের সাহসিকতায় রক্ষা পেল বিকাশ প্রতিনিধির ৩ লাখ টাকা, ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ

 

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিনে দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের চেষ্টা চেষ্টা করে দুই ছিনতাইকারী। এ সময় তাদের শরিকাগাতে আহত হয়েছেন এক বিকাশ প্রতিনিধি। তবে এক কভার ভ্যানচালকের তাৎক্ষণিক সাহসিকতা ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়েছে বিকাশ কোম্পানির প্রায় ৩ লাখ টাকা। এ সময় ছিনতাইকারীরা ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়া বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ প্রতিনিধি মোটরসাইকেলে করে টাকা নিয়ে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে ওই প্রতিনিধিকে আঘাত করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ সময় পিছন দিক থেকে আসা একটি কভার ভ্যানের চালক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়িটি ছিনতাইকারীদের সামনে চাপিয়ে দাঁড় করিয়ে দেন। এতে তাদের পালানোর পথ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

আহত বিকাশ প্রতিনিধিকে স্থানীয়রা উদ্ধার করে টাকাসহ নিরাপদে নিয়ে আসে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No comments

Powered by Blogger.