ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দিনের ওপর ডিম নিক্ষেপ ও হামলা, থানায় অবস্থান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে এবং মামলা দায়েরের দাবিতে অনুসারীদের নিয়ে ঝিনাইদহ সদর থানায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন নাসির উদ্দিন পাটোয়ারী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। কথোপকথনের এক পর্যায়ে সাহেদের পেছন থেকে একদল যুবক নাসির উদ্দিনকে লক্ষ্য করে আকস্মিক ডিম নিক্ষেপ করে।
এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ শহরের বিক্ষোভ প্রদর্শন করে।
হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন:
"আইনমন্ত্রী ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন আমাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং ডিম নিক্ষেপ করেছে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। আইনমন্ত্রীর নিজের এলাকাতেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এই দশা হয়, তবে তাঁর পদে থাকার কোনো যোগ্যতা নেই। আমরা এই হামলার বিচার এবং আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।"
ঘটনার পর লিখিত অভিযোগ দিতে নাসির উদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সদর থানায় যান। এ সময় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নেন।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন,
নাসির উদ্দিন পাটোয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহে এসেছেন শুনে আমি সৌজন্যমূলকভাবে তাঁকে এ ধরনের বক্তব্য না দেওয়ার অনুরোধ করতে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর ওপর ডিম নিক্ষেপ করে। এই মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, ছাত্রদলের বিরুদ্ধে "মিথ্যা অভিযোগের" প্রতিবাদে বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। বিকেল ৫টার দিকে শহরের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এবং ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ানোর নিন্দা জানিয়ে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সর্বশেষ খবর অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৭টা পার হলেও লিখিত অভিযোগ নথিভুক্ত না হওয়ায় এনসিপির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারীর অভিযোগ, পুলিশ দীর্ঘ সময় পার হলেও তাদের মামলা গ্রহণ করছে না।
মামলা গ্রহণে বিলম্বের বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন:
বর্তমানে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারী থানায় এসেছেন। তবে সার্ভার ডাউন থাকার কারণে অভিযোগটি সিস্টেমে এন্ট্রি করতে দেরি হচ্ছে। যেহেতু এটি একটি আমলযোগ্য অপরাধের বিষয়, তাই অভিযোগ না নেওয়ার কোনো সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হওয়া মাত্রই আমরা অভিযোগটি অনলাইনে এন্ট্রি করে আইনগত ব্যবস্থা নেব।
.jpg)
No comments