মহেশপুর সীমান্তে বিজিবির চিরুনি অভিযান: ইতালিয়ান পিস্তল ও গুলিসহ বিপুল মাদক জব্দ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাকারবারীদের তাড়া করে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। অভিযানে ইতালির তৈরি দুটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করা হয়।
আজ ২৭ জুন (শনিবার) ভোররাতে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ০৪:৪০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মোঃ ওমর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পাহারায় নিয়োজিত ছিল। এ সময় সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে দুই চোরাকারবারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে এবং জোরালো তাড়া খেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে রেখে দ্রুত শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালায়। ব্যাগের ভেতরে থাকা একটি কার্টুন খুলতেই বেরিয়ে আসে 'মেড ইন ইতালি' (Made in Italy) খোদাই করা ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি। একই সাথে কার্টুন থেকে ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপও জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে।

No comments