ঝিনাইদহে পে-স্কেল ও চাকরি স্থায়ীকরণসহ ১২ দফা দাবিতে বিদ্যুৎ কর্মীদের মানববন্ধন-বিক্ষোভ
, ঝিনাইদহ প্রতিনিধি:
অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল, স্থায়ী নিয়োগ চালু ও পে-স্কেল বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্মীরা।
শনিবার সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ঝিনাইদহ অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুববিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে জনবল সংকট ও পদসংক্রান্ত জটিলতা বিরাজ করছে। অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, অস্থায়ী ও আউটসোর্সিং ব্যবস্থার অবসান এবং যোগ্য কর্মীদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পে-স্কেল বাস্তবায়নসহ তাদের ১২ দফা দাবি দ্রুত পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বক্তারা আরও বলেন, কর্মীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

No comments