কালীগঞ্জ সরকারি হাসপাতালে ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা : অনিয়মকারী ডাক্তার ও স্টাফরা বহাল তবিয়াতে
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দায়িত্ব অবহেলা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় না। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে স্যোসাল মিডিয়া ও স্থানীয়দের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।প্রশ্ন উঠেছে স্বাস্থ্যসেবা নিয়েও।
গত ২২ জুলাই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা দিয়ে সরকারি দায়িত্ব পালন না করে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির সঙ্গে মাঠে কৃষি কাজ করার সত্যতা মেলে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ অরুন কুমার দাসের বিরুদ্ধে। এই অনিয়মের বিষয়টি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশ পাওয়ার পর তা আলোচনায় আসে। এরই প্রেক্ষিতে গত রবিবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন বলে মত প্রকাশ করেন। তবে বহুল আলোচিত এই ঘটনার পরও ডাঃ অরুন কুমার দাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় সিভিল সার্জন কামরুজ্জামানের নিরব ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করার পর হাসপাতালের দাপ্তরিক ফেসবুক পেজে ডাঃ অরুন কুমার দাস নিজেকে অভিজ্ঞ ডাক্তার হিসেবে উল্লেখ করে একটি পোস্ট দেন। এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এছাড়া গত ২৫ জুলাই হাসপাতালের ৩ নং প্রশাসনিক কক্ষে মেডিকেল টেকনোলজিস্ট জামির হোসেন এবং হারবাল অ্যাসিস্ট্যান্ট (মালি) মাহবুব রহমানের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সহকর্মীদের এই মারামারির বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় কালীগঞ্জ থানা পর্যন্ত। সরকারি হাসপাতালে কর্মরত দুই কর্মচারীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হলেও কয়েকদিনে কর্তৃপক্ষ কার্যকর কোনো সুরাহা করতে পারেনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লা আল মামুনের প্রশাসনিক দুর্বলতা এবং স্বেচ্ছাচারিতাই এই বেহাল দশার মূল কারণ। হাসপাতালে অভ্যন্তরীণ দলাদলি ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। চিকিৎসকদের খাম খেয়ালিপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বন্টন এবং দলাদলির কারণে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

No comments