মাদকের বিরুদ্ধে সরোয়ার হোসেনের আপসহীন অবস্থান, প্রশংসায় মহেশপুরবাসী



রবিউল  ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সিনিয়র সাংবাদিক মোঃ সরোয়ার হোসেন দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা জীবনে সততা, সাহসিকতা ও জনস্বার্থে কাজ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বর্তমানে মাই টিভি ও মানবজমিন পত্রিকার মহেশপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কখনো নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে, আবার কখনো সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে তিনি মহেশপুরকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে আসছেন। তাঁর ধারাবাহিক প্রতিবাদ ও সচেতনতামূলক বক্তব্যে যুবসমাজ ও সচেতন অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে। যদিও মাদক কারবারি ও মাদকসেবীদের একটি অংশ তাঁর বিরুদ্ধে নানা বিরূপ অবস্থান নিয়েছে, তবুও তিনি পিছপা হননি। 

সাংবাদিক সরোয়ার হোসেন বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের নীরব ঘাতক। আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি যতদিন বেঁচে থাকব, মাদকের বিরুদ্ধে আমার এই লড়াই অব্যাহত থাকবে। প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে মহেশপুরকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব। তিনি মাদকবিরোধী অভিযানে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসানসহ থানার সকল পুলিশ সদস্যের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, বর্তমান ওসির নেতৃত্বে পুলিশ নিয়মিত মাদক উদ্ধার, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে, যা মহেশপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনছে। সমাজের সচেতন মহল মনে করছেন, সাংবাদিক সরোয়ার হোসেনের মতো আপসহীন ব্যক্তিত্ব এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে মহেশপুর একদিন মাদকমুক্ত উপজেলায় পরিণrত হবে।



No comments

Powered by Blogger.