কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ চত্বরে বিচ্ছিন্ন আঙুল উদ্ধার, চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদ চত্বরের মাঠ থেকে একটি কাটা আঙুল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, গতরাতে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার জেরে কারো হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে এখানে পড়ে থাকতে পারে। তবে উদ্ধার হওয়া আঙুলটি কার এবং ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে একটি কাটা আঙুল পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের আঁধারে এলাকায় কোনো ধরনের সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেছে, যার ফলে এটি কাটা পড়েছে। পরবর্তীতে ঘটনাটি ঢাকতে বা দুর্ঘটনাবশত আঙুলটি মাঠেই থেকে যায়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, "সকালে মাঠে আঙুলটি পড়ে থাকতে দেখে সবাই আতকে ওঠে। আমাদের ধারণা কাল রাতে এখানে বড় কোনো গণ্ডগোল বা হামলা হয়েছে। তবে কার আঙুল বা কে এর শিকার হয়েছেন, তা আমরা এখনো জানি না।" খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আঙুলটির পরিচয় নিশ্চিত করা এবং রাতের সহিংসতার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। আশপাশের হাসপাতালগুলোতেও গতকাল রাতে কোনো আঙুল কাটা রোগী চিকিৎসা নিতে এসেছিলেন কি না—তা খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

No comments

Powered by Blogger.